ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। গত বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, যাদের একসময় ছাত্রলীগের ভয়ে গোপনে থাকতে হয়েছে কিংবা যারা ছাত্রলীগের ছত্রছায়ায় টিকে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে পিটিয়ে রাজশাহীছাড়া করার চিন্তা করে। তিনি আরও বলেন, ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগই জামায়াত-শিবিরকে পিটিয়ে আবার গুপ্ত বানিয়ে দিত এবং এই সহজ বাস্তবতা তারা কেন বুঝতে চায় না। বিরোধী দলে থেকেই তারা সরকারি দলের লোকজনকে এলাকাছাড়া করতে চাইছে মন্তব্য করে তিনি প্রশ্ন তোলেন, ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে কী পরিস্থিতি সৃষ্টি করবে তা অনুমান করা কঠিন নয়। জামায়াত-শিবিরের কঠোর সমালোচনা করে রাশেদ খান বলেন, বিরোধী দলে অবস্থান করেই সংগঠনটি মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে এবং জামায়াত জালিমের পরিণতিও একসময় আওয়ামী জালিমের মতোই হবে। তাদের নমনীয়ভাবে দেশ পরিচালনার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, অতীতে বিএনপিকে শান্তিতে দেশ চালাতে দেবেন না বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল, জামায়াত-শিবিরও এখন সেই একই পথ অনুসরণ করছে। পরিশেষে তিনি সতর্ক করে বলেন, জামায়াত-শিবিরের লাগাম এখনই টেনে না ধরলে তারা ভবিষ্যতে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে।
ছাত্রদল সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত শিবিরকে গুপ্ত বানিয়ে দিত বলে ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।


0 Comments