সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশি কণ্ঠশিল্পী সোহেল রানা। গত ৯ আগস্ট ক্যালাং ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উৎসবে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রায় ৪২ হাজার দর্শক উপস্থিত ছিলেন। দীর্ঘ ১০ বছর পর কুচকাওয়াজ অনুষ্ঠানটি পুনরায় এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘মাইগ্র্যান্টস ব্যান্ড সিঙ্গাপুর’-এর শিল্পী সোহেল রানা বাংলাদেশের লাল-সবুজ পতাকা বহন করে দেশের প্রতিনিধিত্ব করেন। স্টেডিয়ামের বড় পর্দা এবং সিঙ্গাপুরের জাতীয় টেলিভিশন চ্যানেলে তাকে প্রদর্শিত করা হয়। স্থানীয় ও আন্তর্জাতিক গুণী ব্যক্তিদের উপস্থিতিতে একজন প্রবাসী বাংলাদেশির এই অংশগ্রহণ প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও গর্বের সৃষ্টি করেছে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সোহেল রানা জানান, একজন সাধারণ কর্মী হিসেবে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে এই আমন্ত্রণ পাওয়া তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। তিনি এই সুযোগের জন্য সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মনে করেন এটি ভবিষ্যতে বিদেশের মাটিতে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।
উল্লেখ্য, ১৫ বছর আগে একদল তরুণ শিল্পীর উদ্যোগে ‘মাইগ্র্যান্টস ব্যান্ড সিঙ্গাপুর’ যাত্রা শুরু করে। বর্তমানে এই ব্যান্ডে সোহেল রানার পাশাপাশি নীলসাগর শাহীন, উজ্জ্বল কুমার, সজীব সাহাসহ আরও অনেক বাংলাদেশি নিয়মিত কাজ করছেন।
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবসের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে যোগ দিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করেছেন কণ্ঠশিল্পী সোহেল রানা। ৪২ হাজার দর্শকের উপস্থিতিতে তিনি লাল-সবুজ পতাকা তুলে ধরেন।


0 Comments