কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল হুদাকে সম্পদের তথ্য গোপনের দায়ে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৫৩৭ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে নুরুল হুদার বিরুদ্ধে মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত নুরুল হুদা হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিম পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, নুরুল হুদার নামে ২ কোটি ৬৬ লাখ ৪২ হাজার ৩৩৩ টাকার স্থাবর এবং ২৩ লাখ ৯৩ হাজার টাকার অস্থাবরসহ মোট ২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ৩৩৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তবে তার বৈধ আয়ের উৎস ছিল মাত্র ১৯ লাখ ১০ হাজার টাকা। ফলে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে ২ কোটি ৭১ লাখ ২৫ হাজার ৩৩৭ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদের প্রমাণ পায় দুদক।
সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে টেকনাফের হ্নীলা ইউপি সদস্য নুরুল হুদাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে।


0 Comments