উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং শুক্রবার রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী পাঁচ দিনে বৃষ্টির এই প্রবণতা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনায় সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।


0 Comments