রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ৪৮৮ জন উত্তীর্ণ হয়েছে। যেখানে জাতীয় পর্যায়ে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে ৭১.৬৩ শতাংশ, সেখানে মাইলস্টোন কলেজে পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৬৭ শতাংশে। কৃতকার্যদের মধ্যে মোট ৬১৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছে।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ২৬৫ জন অংশ নিয়ে ১ হাজার ২৬২ জন পাস করেছে, যার মধ্যে ৫৯৩ জনই জিপিএ ৫ পেয়েছে। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ২২৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২৬ জন। ফলাফল প্রকাশের পর উত্তরার ডিয়াবাড়িতে কলেজের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সন্তানদের এই সাফল্যে অভিভাবকরা কলেজের একাডেমিক পরিবেশ ও শিক্ষকদের নিবিড় পরিচর্যার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
সাফল্যের এই ধারাবাহিকতা সম্পর্কে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, আধুনিক শিক্ষাপদ্ধতি এবং বছরজুড়ে কঠোর শৃঙ্খলার কারণেই এই ফল সম্ভব হয়েছে। তিনি এই সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের নিরলস সহযোগিতা ও শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের কথা উল্লেখ করে উত্তীর্ণদের অভিনন্দন জানান।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজের অভাবনীয় সাফল্য। ৯৯.৬৭ শতাংশ পাসের হার ও ৬১৩ জন জিপিএ ৫ পাওয়ায় উত্তরার ডিয়াবাড়ি ক্যাম্পাসে বইছে আনন্দের জোয়ার।


0 Comments