সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীর রয়েছেন। রোববার রাতে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি গোলাম মুক্তাদীরকে গ্রেপ্তার করে। এছাড়া একই দিন বিকেলে রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে একটি ক্যাফে থেকে আলমগীর হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।


0 Comments