জাতীয় জ্বালানি ও বিদ্যুৎ খাত বেসরকারীকরণ বন্ধসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা জ্বালানি সম্পদ ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা "মাফিয়া করপোরেট গোষ্ঠী"র হাতে তুলে না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গ্যাস-বিদ্যুতের সংকট নিরসন করে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং ওষুধের সরকারি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার দাবি জানানো হয়। গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক রাফিকুজ্জামান ফরিদ বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাত বেসরকারীকরণের মাধ্যমে দেশীয় মাফিয়া করপোরেটদের স্বার্থ রক্ষা করা হচ্ছে, যা জনজীবনে ভোগান্তি বাড়াবে। সমাবেশে বক্তারা আরও বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও জনসেবার খাতগুলো মুনাফাকেন্দ্রিক বেসরকারি পুঁজিপতিদের নিয়ন্ত্রণে চলে গেলে সাধারণ মানুষের ব্যয় বাড়বে এবং কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নেতা অরুণাভ আশরাফ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বক্তব্য দেন। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত।
জ্বালানি ও বিদ্যুৎ খাত বেসরকারীকরণ বন্ধসহ ৩ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। জনস্বার্থ রক্ষায় গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ ও ওষুধের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানান ছাত্র নেতারা।


0 Comments