মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মো. হুমায়ূন কবীরকে পদায়নের মাত্র দেড় মাসের মাথায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গত রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মাউশি অধিদপ্তরে ওএসডি করার এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবারের মধ্যে তাকে ঢাকায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন বিকেলেই তিনি তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হয়েছেন বলে গণ্য করা হবে। ইংরেজি বিভাগের এই অধ্যাপককে গত ২৫ জুন রাজশাহী অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
হঠাৎ এই বদলির বিষয়ে প্রফেসর মো. হুমায়ূন কবীর জানান, এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া। এর পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, বিগত সরকারের আমলের সুবিধাভোগী হিসেবে পরিচিত এই কর্মকর্তার বিরুদ্ধে নানা বিতর্ক রয়েছে। ২০১০ সালে দায়ের হওয়া একটি নারী নির্যাতন মামলায় ২০১১ সালে আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। ওই সময় তিনি প্রায় সাড়ে ছয় মাস কারাগারে ছিলেন এবং ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাময়িক বরখাস্ত ছিলেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় চাকরিতে ফিরে তিনি ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজশাহী শিক্ষা বোর্ডের সচিবের দায়িত্ব পালন করেন।
পদায়নের মাত্র দেড় মাসের মাথায় ওএসডি হলেন মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মো. হুমায়ূন কবীর। আগামী ১৩ আগস্টের মধ্যে তাকে ঢাকায় যোগদানের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
-6a7aefc7842c4.webp)

0 Comments