বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব পালনের ১৮০ দিন বা ছয় মাস পূর্ণ হয়েছে। এই উপলক্ষ্যে সোমবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় শুরু হওয়া এই সভায় সরকারের গত ছয় মাসের অর্জন, চলমান কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় সরকারের সাফল্য ও চ্যালেঞ্জগুলো পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও মন্ত্রী উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এছাড়া সভায় আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রেস সচিব সালেহ শিবলী। এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও এই আলোচনায় অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় গত ১৮০ দিনে নেওয়া বিভিন্ন জনগুরুত্বপূর্ণ উদ্যোগের অগ্রগতি মূল্যায়ন করা হবে। উন্নয়ন পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের প্রশ্ন ও মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মপন্থা ঠিক করার পরিকল্পনা রয়েছে। নীতিনির্ধারকেরা এই সভাটিকে সরকারের আগামীর পথনকশা তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করছেন।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্ণ হলো আজ। এই উপলক্ষ্যে সরকারের ছয় মাসের অর্জন ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।


0 Comments