চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে সাড়ে ৫ কোটি টাকারও বেশি মূল্যের বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সোমবার (১৭ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে এই তল্লাশি চালানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া আটটার দিকে অবতরণ করা ওই ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বাড়ানো হয়। তল্লাশিকালে মইনুল, আবদুল মান্নান ও নুরুল আলম রিয়াদ নামে তিন যাত্রীর কাছ থেকে এবং বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগ থেকে মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের বিস্তারিত তথ্যে জানা যায়, যাত্রী মইনুলের কাছে ২৬৪ কার্টন সিগারেট ও ৪টি আইফোন, আবদুল মান্নানের কাছে ২৪৬ কার্টন সিগারেট ও ৪টি আইফোন এবং নুরুল আলম রিয়াদের কাছে ২৭২ কার্টন সিগারেট ও ৫টি আইফোন পাওয়া যায়। এছাড়া পরিত্যক্ত ব্যাগটি থেকে আরও ১ হাজার ২০ কার্টন প্লাটিনাম ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৭৪ লাখ টাকা হলেও ৬২১ শতাংশ শুল্ক ও কর যুক্ত হওয়ায় এর মোট মূল্য দাঁড়িয়েছে ৪ কোটি ৬০ লাখ টাকার বেশি। অন্যদিকে, ১৩টি আইফোনের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা। এনবিআর জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে এমন কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত একটি ফ্লাইটে অভিযান চালিয়ে সাড়ে ৫ কোটি টাকারও বেশি মূল্যের বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। তিন যাত্রীর পাশাপাশি পরিত্যক্ত ব্যাগ থেকেও উদ্ধার করা হয় এসব পণ্য।


0 Comments