রাজধানীর আগারগাঁও এলাকায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে আলোচিত ব্যবসায়ী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে বিদ্যুৎ বিভাগের নিয়মিত অভিযান চলাকালে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগারগাঁও এলাকায় ফুটপাতসহ বিভিন্ন স্থাপনার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে নামে বিদ্যুৎ বিভাগ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা মিজানের দোকানের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি তাদের ওপর চড়াও হন। অভিযোগ রয়েছে, মিজান সিটি করপোরেশনের কর্মী এবং দায়িত্বরত পুলিশ সদস্যদেরও আঘাত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা প্রদানসহ সংশ্লিষ্ট অপরাধে মিজানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আগারগাঁওয়ের ফুটপাতে একটি ছোট ভাতের দোকান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান মিজানুর রহমান। মাত্র ১০০ টাকায় এক টুকরো গরুর মাংসের সাথে ভাত, ডাল ও আলু ভর্তা বিক্রির কারণে তার দোকানটি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আলোচিত ব্যবসায়ী মিজানুর রহমান। বিদ্যুৎ বিভাগের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে কর্মকর্তাদের ওপর চড়াও হওয়ার জেরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


0 Comments