ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কর্মস্থলে অনুপস্থিতির দায়ে বিপ্লব কুমার সরকার ও ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

কর্মস্থলে অনুপস্থিতির দায়ে বিপ্লব কুমার সরকার ও ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আলোচিত ও বিতর্কিত ভূমিকার পর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক ছয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক সহকারী কমিশনার মো. গোলাম রুহানী এবং কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, যাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘পলায়ন’ হিসেবে গণ্য করা হয়েছে। মোহাম্মদ ইকবাল হোসাইনের ক্ষেত্রে জানানো হয়, তিনি ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় ইকবালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে তাকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গুলি ও হতাহতের বিষয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। তবে প্রজ্ঞাপনে তার চাকরিচ্যুতির কারণ হিসেবে কর্মস্থলে অনুপস্থিতিকেই উল্লেখ করা হয়েছে।

অন্য কর্মকর্তাদের মধ্যে বিপ্লব কুমার সরকার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে এবং সুদীপ কুমার চক্রবর্তী ২২ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কাজী আশরাফুল আজীম ও রাজন কুমার দাসের বিরুদ্ধে পলায়নের পাশাপাশি ‘অসদাচরণের’ অভিযোগও প্রমাণিত হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা যেদিন থেকে অনুপস্থিত ছিলেন, সেদিন থেকেই তাদের এই চাকরিচ্যুতি কার্যকর করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন ও সরকারি কর্ম কমিশনের মতামতের ভিত্তিতে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সংক্ষেপে:
কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও আলোচিত পুলিশ কর্মকর্তা ইকবাল হোসাইনসহ ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কর্মস্থলে অনুপস্থিতির দায়ে বিপ্লব কুমার সরকার ও ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

0 Comments