নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই মহান শিল্পীকে স্মরণ করে নড়াইলবাসী। এই উপলক্ষে চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চিত্রশিল্পী ও অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে ‘সুলতান সম্মাননা পদক ২০২৬’ প্রদান করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নড়াইল জেলা প্রশাসন, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা এবং জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে শিল্পীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরআন খতম ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আর্টক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার সভাপতি ড. মোহাম্মদ আব্দুল ছালাম।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘এস এম সুলতান: জীবনঘনিষ্ঠ ও সমাজ বাস্তবতার শিল্পী’ শীর্ষক আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বক্তব্য রাখেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম। পদক প্রদানের আগে সম্মাননাপ্রাপ্ত শিল্পীর ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে চারুকলায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে সুলতান সম্মাননা পদক ২০২৬ প্রদান করা হয়।


0 Comments