রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ। আজ বুধবার ভোর ৪টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৭৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মেয়ে মানসুরা রহমতুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার বাবার মরদেহ বর্তমানে বাড্ডার বেরাইদ এলাকায় নিজ বাসভবনে রাখা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এ কে এম রহমতুল্লাহ মোট পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬ সালে প্রথমবার ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য হন। পরবর্তীতে ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা সাড়ে তিনটায় বেরাইদ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। রহমতুল্লাহর ভাগনে ফারুক আহমেদ দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এ কে এম রহমতুল্লাহ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার বিকেলে বাড্ডার বেরাইদে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

0 Comments