কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি মুদির দোকান ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফ।
অভিযান সূত্রে জানা গেছে, মালুমঘাট বাজারের রেজাউল স্টোর নামের একটি মুদির দোকানে অনুমোদনহীন রোহিঙ্গা ক্যাম্পের বিপুল পরিমাণ পণ্য মজুদ এবং বিভিন্ন কোম্পানির মোড়ক লাগিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের গায়ে মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ওই দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে বাজারের পূর্ব পাশে অবস্থিত মা-মনি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় তদারকি দলটি। সেখানে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও ওষুধ মজুদ রেখে বিক্রির অপরাধে সংশ্লিষ্ট ধারায় ওই চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে চকরিয়া উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম এবং থানা পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করে মোঃ আরিফুল ইসলাম জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফ জানান, জনস্বার্থ সংশ্লিষ্ট নিরাপদ খাদ্য উৎপাদন এবং বিপণন নিশ্চিত করতে জেলাজুড়ে এই ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পুনরায় একই অপরাধ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
চকরিয়ার মালুমঘাট বাজারে ভোক্তা অধিকারের অভিযানে মুদির দোকান ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


0 Comments