প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকে তথ্যপ্রযুক্তি, শ্রমবাজার এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক শেষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্কের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি জানান, বৈঠকে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর শিল্প এবং শ্রমবাজার উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের উদ্বেগের কথা জানিয়ে তারেক রহমান এই সমস্যা সমাধানে বিশ্বব্যাপী জনমত গঠনে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতা কামনা করেন। এছাড়া বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের দুর্ভোগ লাঘবে সেদেশের সরকারের প্রতি বিশেষ আহ্বান জানান।
সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। সেখানে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্যপ্রযুক্তি, শ্রমবাজার ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সহযোগিতা কামনা করেছেন তিনি।


0 Comments