ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সরকারি রাজেন্দ্র কলেজ শাখা। সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয় বলে সংগঠনের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী নিজের ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করলে বিষয়টি জানাজানি হয়। ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা সবাই কালো মাস্ক পরে স্লোগান দিচ্ছেন। পরে মোমবাতি নিভিয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। ভিডিওতে তামজিদুল রশিদ চৌধুরীকে বলতে শোনা যায়, রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
এই বিষয়ে সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী জানান, রাজেন্দ্র কলেজের প্রশাসনিক ভবনের সামনে বড় পর্দায় ফুটবল খেলা চলাকালীন দর্শকদের মধ্যে থাকা ছাত্রলীগ কর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন। কলেজ শহীদ মিনারের উত্তর পাশে টিচার্স ক্লাবের সামনে এটি অনুষ্ঠিত হয়।
এদিকে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ভিডিওটি অত্যন্ত চতুরতার সাথে ধারণ করা হয়েছে। ভিডিও দেখে সঠিক স্থান শনাক্ত করা কঠিন হলেও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
ফরিদপুরে কালো মাস্ক পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে মধ্যরাতে কেক কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।


0 Comments