বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (২৪ জুন) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে তীব্র বাতাস ও বৃষ্টি হতে পারে। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে।
ঢাকার আবহাওয়ার বিষয়ে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সারাদেশের সম্ভাব্য আবহাওয়া অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কক্সবাজারসহ দেশের ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।


0 Comments