কক্সবাজারের পেকুয়া উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব বিলহাসুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মৃত ফজর আলীর ছেলে কাদের হোসেনের বাড়িতে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো বাড়িটি ভস্মীভূত হয়ে যায়। ভুক্তভোগী কাদের হোসেন জানান, অগ্নিকাণ্ডের সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। আগুনের শিখা দেখে তারা দ্রুত ঘর থেকে বের হতে পারায় প্রাণে বেঁচে যান। তবে আগুনে নগদ টাকা, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং হাঁস-মুরগিসহ ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও জানান, এক সপ্তাহ আগে ব্র্যাক থেকে নেওয়া ৩০ হাজার টাকা ঋণের কিস্তিও আগুনে পুড়ে গেছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ মানিক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ব্যক্তিগতভাবে এবং চেয়ারম্যানের পক্ষ থেকে সহায়তা প্রদান করেন। ইউপি সদস্য মুহাম্মদ মানিক বলেন, আগুনে পরিবারটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দিনমজুর কাদের হোসেনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঋণের টাকাসহ সব হারিয়ে পরিবারটি এখন নিঃস্ব। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

0 Comments