টরন্টো স্টেডিয়ামে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আর নোরা ফাতেহির চোখধাঁধানো পারফরম্যান্সের মধ্য দিয়ে শুরু হয় বিশ্বকাপের টরন্টো পর্ব। তবে মাঠের লড়াইয়ে জয়ের দেখা পায়নি স্বাগতিক কানাডা। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে টানা ছয় হারের পর নিজেদের প্রথম পয়েন্টটি অর্জন করল কানাডা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জেসি মার্শের শিষ্যরা। যদিও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলের প্রধান তারকা আলফনসো ডেভিসকে ছাড়াই মাঠে নামতে হয় তাদের। আক্রমণভাগে মূল দায়িত্ব ছিল জুভেন্টাস স্ট্রাইকার জোনাথন ডেভিড, তাজন বুকানান ও ইসমাইল কোনের ওপর। অন্যদিকে বসনিয়ার হয়ে নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ স্ট্রাইকার এদিন জেকো এবং রক্ষণভাগে ছিলেন সেয়াদ কোলাসিনাচ।
ম্যাচের ২১ মিনিটে ধারার বিপরীতে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড জোভো লুকিচ। সেয়াদ কোলাসিনাচের হেড থেকে বল পেয়ে গোললাইন থেকে জাল খুঁজে নেন তিনি। প্রথমার্ধে পিছিয়ে থাকা কানাডা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে লড়ে। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাত্র দুই মিনিটের মাথায় সমতাসূচক গোলটি করেন কাইল লারিন। জোনাথন ডেভিডের নিখুঁত পাস থেকে বল পেয়ে বসনিয়ার রক্ষণভাগকে পরাস্ত করেন তিনি।
পুরো ম্যাচে ৬০ শতাংশ বল দখল এবং ১২টি শট নিলেও শেষ পর্যন্ত জয়সূচক গোলটি আর পায়নি কানাডা। গ্রুপ 'বি'-তে থাকা কানাডা তাদের পরবর্তী ম্যাচে ১৯ জুন কাতারের মুখোমুখি হবে। অন্যদিকে ১৮ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে বসনিয়া ও হার্জেগোভিনা।
টরন্টোয় বসনিয়ার সাথে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্ট পেল স্বাগতিক কানাডা। কাইল লারিনের গোলে সমতায় ফিরে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল তারা।

0 Comments