চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিস্ফোরক আইনের একটি মামলায় নুরুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন জানান, নুরুল আলমকে কারাগারের আমদানি ওয়ার্ডে রাখা হয়েছিল। আজ সকালে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত তাকে প্রথমে কারা হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও উল্লেখ করেন, কারাগারে আনার সময় নুরুল আলম সুস্থ ছিলেন এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গোয়েন্দা পুলিশের একটি দল নুরুল আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পর তাকে আদালতে সোপর্দ করা হয়। থানায় থাকাকালীন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং তাকে কোনো মারধর করা হয়নি।
অন্যদিকে নুরুল আলমের ভাই নূর মোহাম্মদ দাবি করেছেন, জমি নিয়ে স্থানীয় বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে বিরোধের জেরে তার ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গতকাল ভূমি অফিসে শুনানিতে অংশ নিতে গেলে তাকে আটক করা হয়েছিল বলে তিনি জানান। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম। বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


0 Comments