নতুন প্রস্তাবিত বাজেটে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এখন থেকে করদাতারা সারা বছরই তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। বিশেষ করে যারা প্রবাসে অবস্থানের কারণে নির্দিষ্ট সময়ে রিটার্ন দিতে পারেন না, তাদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। অর্থ বিল ২০২৬ অনুযায়ী, বিদেশে অবস্থানরত সাধারণ করদাতারা দেশে ফেরার ৯০ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।
এই সুবিধার আওতায় তিন ধরনের প্রবাসী করদাতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমত, যারা উচ্চশিক্ষার জন্য ছুটিতে বিদেশে অবস্থান করছেন। দ্বিতীয়ত, যারা চাকরির প্রেষণে অথবা লিয়েনে দেশের বাইরে কর্মরত আছেন। তৃতীয়ত, যারা অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা ও পারমিট নিয়ে বিদেশে অবস্থান করছেন।
এছাড়া যারা প্রথমবারের মতো রিটার্ন জমা দেবেন, তাদের জন্য বিশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট আয়বর্ষ শেষ হওয়ার পরবর্তী ৩০ জুনের মধ্যে তারা প্রযোজ্য হারে কর দিয়ে রিটার্ন জমা দিতে পারবেন।
বাজেট প্রস্তাব অনুযায়ী, অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে করদাতারা বিশেষ ছাড় পাবেন। এক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ২৫ হাজার টাকার মধ্যে যা কম, সেই পরিমাণ অর্থ ছাড় দেওয়া হবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন দিলে কোনো বাড়তি সুবিধা বা জরিমানা গুনতে হবে না। তবে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রিটার্ন দিলে ২ শতাংশ বা ৩ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত অর্থ দিতে হবে। একইভাবে এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন জমা দিলে ৫ শতাংশ বা ৫ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।
প্রস্তাবিত বাজেটে সারা বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রবাসীরা দেশে ফেরার ৯০ দিনের মধ্যে রিটার্ন দিতে পারবেন। এছাড়া নির্দিষ্ট সময়ে রিটার্ন দিলে মিলবে বিশেষ করছাড়।

0 Comments