ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ করেছেন হামাসের হামলায় নিহত ও জিম্মিদের স্বজনেরা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের হামলা ঠেকাতে গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা খতিয়ে দেখতে রাষ্ট্রীয় কোনো তদন্ত কমিটি গঠন না করার প্রতিবাদে শনিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তেল আবিবের হাবিমা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করেন।
বিক্ষোভে অংশ নেওয়া আয়ালা মেটজগার জানান, হামাসের হাতে বন্দী অবস্থায় নিহত হওয়া ৮০ বছর বয়সী ইয়োরামের পুত্রবধূ তিনি। তিনি বলেন, সময় যত যাচ্ছে সরকারের প্রতি মানুষের প্রশ্ন তত বাড়ছে। আয়ালা মেটজগার অভিযোগ করেন, নেতানিয়াহু সরকার স্বাধীন বিশেষজ্ঞদের পরিবর্তে রাজনীতিবিদদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে, যা মূলত একটি প্রহসন। তিনি দাবি করেন, যে অপরাধের জন্য ক্ষমতাসীনরা দায়ী, তারা নিজেরাই সেই ঘটনার তদন্ত করতে চায়।
নোভা সংগীত উৎসবে নিহত ২৬ বছর বয়সী ওরিয়ার বাবা এরান লিটম্যান বিক্ষোভে নিজের তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ধর্মীয় উগ্রবাদের কারণে তার মেয়েকে জীবন দিতে হয়েছে। লিটম্যান সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করলেও জাকা সেবা সংস্থার চারজন হারেদি স্বেচ্ছাসেবকের সাহসিকতার প্রশংসা করেন, যারা তার মেয়ের মরদেহ উদ্ধার করেছিলেন।
বিক্ষোভ চলাকালীন হাদার মাচতার নামে এক সরকার সমর্থক উসকানিমূলকভাবে ভিডিও ধারণের চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে এবং এক সরকারবিরোধী ইনফ্লুয়েন্সারসহ সংশ্লিষ্টদের সরিয়ে নিয়ে যায়। পুলিশ উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের ছেড়ে দেয়।
৭ অক্টোবরের হামলায় ব্যর্থতার দায়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিতে তেল আবিবে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন নিহত ও জিম্মিদের স্বজনেরা। বক্তারা সরকারের প্রস্তাবিত কমিটিকে প্রহসন বলে আখ্যা দেন।

0 Comments