কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নৌ-পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের লামার বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ কারেন্ট জাল লামার বাজারের কয়েকটি গুদামে মজুদ রাখা হয়েছে এমন সংবাদে এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে চারটি গুদাম থেকে মোট ৪ লাখ ৯৮ হাজার ৭৫০ মিটার থাইল্যান্ডে তৈরি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ জাল মজুদ ও পাচারের সাথে জড়িত ছিল। এই জালগুলো দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। জব্দকৃত এই জালগুলো টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হোসেন চৌধুরী, টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক এবং নৌ-পুলিশের প্রতিনিধির উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
টেকনাফে বিজিবি ও প্রশাসনের যৌথ অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় এই বিশাল পরিমাণ জাল পুড়িয়ে ধ্বংস করার প্রক্রিয়া চলছে।


0 Comments