কক্সবাজার সদর উপজেলার লিংক রোড সংলগ্ন জানারঘোনা এলাকায় অভিযান চালিয়ে ছোট ভাইকে গুলি করে হত্যার দীর্ঘ ৮ বছর পর ঘাতক বোনকে গ্রেফতার করেছে র্যাব-১৫। মঙ্গলবার (২৫ জুন) রাতে পরিচালিত এই অভিযানে গ্রেফতার হওয়া নারীর নাম ছেনোয়ারা বেগম (৩৬)। তিনি ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ এরশাদ এর স্ত্রী।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল জানারঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আপন ছোট ভাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে একাধিকবার গুলি করে নৃশংসভাবে হত্যার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছেনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পারিবারিক কলহ ও পূর্ব শত্রুতার জেরে ২০১৮ সালে ছেনোয়ারা বেগম ও তার সহযোগীরা তার আপন ছোট ভাইকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকেই আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার ৮ বছর পর ঘাতক বোন ছেনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে র্যাব-১৫। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে আইনের আওতায় আনা হয়েছে।


0 Comments