ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর শুভেন্দুর নেতৃত্বে গঠিত নতুন বিজেপি সরকারে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন কলিতা মাজি। এক সময়ের গৃহপরিচারিকা কলিতাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যা বর্তমানে পুরো রাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তপশিলি সম্প্রদায়ের এই নারী বর্ধমান জেলার আউসগ্রামের বাসিন্দা এবং দীর্ঘকাল ধরে বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২৬ সালের নির্বাচনের আগে পর্যন্ত তিনি সাতটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন। এমনকি মনোনয়ন পাওয়ার পরও তিনি দুটি বাড়িতে কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে গৃহকর্তাদের উৎসাহে কাজ ছেড়ে তিনি পূর্ণদমে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এর আগে ২০২১ সালের নির্বাচনে আউসগ্রাম আসনে লড়ে পরাজিত হলেও এবার তৃণমূল প্রার্থীকে ১২ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন তিনি। ব্যক্তিগত জীবনে কলিতা ২০০৬ সালে সুব্রত মাজিকে বিয়ে করেন, যিনি পেশায় একজন প্লাম্বার। স্বামী ও এক পুত্রসন্তান নিয়ে তার সংসার। কলিতা মাজি জানান, তিনি স্বপ্নেও ভাবেননি মন্ত্রী হবেন। তার লক্ষ্য এখন নারী উন্নয়ন ও এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। তবে কলিতা মন্ত্রিসভায় স্থান পেলেও বিজেপির হয়ে জয়ী পাঁচ তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ, রুপা গঙ্গোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী ও শর্বরী মুখার্জির কাউকেই মন্ত্রিসভায় রাখা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের অনেক তারকা প্রার্থী পরাজিত হলেও বিজেপির এই পাঁচ তারকা জয়ী হয়েছিলেন, কিন্তু দল রাজনৈতিক কর্মীদেরই মন্ত্রিসভায় প্রাধান্য দিয়েছে।
সাত বাড়িতে কাজ করা গৃহপরিচারিকা থেকে সরাসরি প্রতিমন্ত্রী হলেন কলিতা মাজি। পশ্চিমবঙ্গের বিজেপি সরকারে তার এই নাটকীয় উত্থান এবং রাজনৈতিক সাফল্য এখন রাজ্যজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

0 Comments