বিশ্বের বিভিন্ন প্রান্তের ১ হাজার নারী ও পুরুষ ওমরাহ যাত্রীকে নিজস্ব ব্যয়ে আতিথ্য দেওয়ার সদয় অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। ‘দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের মেহমানদের জন্য হজ, উমরাহ ও পরিদর্শনের কর্মসূচি’-এর আওতায় এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়ন করবে দেশটির ইসলামি বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়।
সৌদি গেজেটের বরাতে জানা গেছে, ১৪৪৮ হিজরি বর্ষে মোট চারটি ধাপে এই কর্মসূচি পরিচালিত হবে। এর প্রথম পর্যায়ে এশিয়ার ১৬টি দেশ থেকে ২৫০ জন ওমরাহ যাত্রী পবিত্র মক্কা ও মদিনা সফরের সুযোগ পাবেন। তালিকায় থাকা দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মায়ানমার, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান, মঙ্গোলিয়া, তিমুর-লেস্তে, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং লাওস।
এই মহতী উদ্যোগের জন্য সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির ইসলামি বিষয়ক মন্ত্রী ও কর্মসূচির তত্ত্বাবধায়ক আব্দুললতিফ আল-শেখ। তিনি জানান, মুসলিম বিশ্বের মানুষের জন্য ওমরাহ পালন এবং পবিত্র স্থানসমূহ জিয়ারত প্রক্রিয়া সহজ ও আরামদায়ক করতে সৌদি নেতৃত্বের নিরলস প্রচেষ্টারই অংশ এটি। তিনি আরও উল্লেখ করেন, এই কর্মসূচি মুসলিম উম্মাহর ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করবে এবং বিভিন্ন দেশের আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন তৈরি করবে।
নিজস্ব ব্যয়ে বিশ্বের ১০০০ জন ওমরাহ যাত্রীকে আতিথ্য দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। চারটি ধাপে বাস্তবায়িত এই কর্মসূচির প্রথম পর্যায়ে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন সুযোগ পাবেন।


0 Comments