যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড হিসেবে দাবি করেছেন। সম্প্রতি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেকে জেমস বন্ড হিসেবে উপস্থাপন করে একটি ছবি পোস্ট করেন তিনি। নিজের সঙ্গে বিখ্যাত ব্যক্তিদের তুলনা করার দীর্ঘদিনের ইতিহাস রয়েছে ট্রাম্পের। এর আগে তিনি নিজেকে এলভিস প্রেসলি, স্যার উইনস্টন চার্চিল এবং মাদার তেরেসার সঙ্গে তুলনা করেছিলেন। এমনকি বিতর্কিতভাবে নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গেও তুলনা করেছেন তিনি। সবশেষ পোস্টে ট্রাম্প তার তরুণ বয়সের একটি আর্কাইভ ছবি ব্যবহার করেছেন যেখানে তাকে একটি আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে লেখা ছিল ‘ট্রাম্প ০০৭’। বর্তমানে অ্যামাজন এমজিএম স্টুডিও ড্যানিয়েল ক্রেইগের উত্তরসূরি হিসেবে নতুন জেমস বন্ডের জন্য কাস্টিং প্রক্রিয়া চালাচ্ছে। এই স্টুডিওর মালিক ট্রাম্পের বন্ধু জেফ বেজোস। এরই মধ্যে হোয়াইট হাউস রসিকতা করে এই চরিত্রের জন্য ট্রাম্পকে মনোনীত করেছে। গত ১৬ মে হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি মিম পোস্ট করা হয় যেখানে ট্রাম্পকে টাক্সেডো পরা এবং হাতে সাইলেন্সারযুক্ত পিস্তলসহ দেখা যায়। সেখানে তার বিখ্যাত স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা ছিল। গত মঙ্গলবার ০২ জুন ট্রাম্প আরও একটি ছবি পোস্ট করেন যেখানে তাকে একটি জনসমাবেশের সামনে দেখা যায়। সেখানে তিনি নিজেকে ‘সর্বশ্রেষ্ঠ আকর্ষণ’ বলে অভিহিত করেন।
নিজেকে ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড হিসেবে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ছবি পোস্ট করে নিজেকে সর্বশ্রেষ্ঠ আকর্ষণ হিসেবেও উল্লেখ করেন তিনি।

0 Comments