রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত দুই দিনে তালিকাভুক্ত অপরাধীসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজ বা অন্য কোনো অপরাধীকে ছাড়িয়ে নিতে কেউ তদবির করতে আসলে তাকেও ওই অপরাধী চক্রের সদস্য হিসেবে গণ্য করা হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তদবিরের মাধ্যমে কাউকে ছাড় দেওয়া হবে না এবং অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
ডিএমপি কমিশনার মো. সরওয়ার জানান, গত দুই দিনের অভিযানে গ্রেফতারকৃত ৯৪ জনের মধ্যে ৫৮ জনই পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, চাঁদাবাজির পাশাপাশি ছিনতাইসহ অন্যান্য অপরাধ দমনেও পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বহু ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে এবং প্রতিটি ছিনতাইয়ের ঘটনা শনাক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে শীর্ষ সন্ত্রাসীদের কোনো অস্তিত্ব নেই বলেও তিনি দাবি করেন।
জননিরাপত্তা নিশ্চিতে হটস্পট ভিত্তিক অভিযান পরিচালনার কথা জানিয়ে কমিশনার বলেন, অনলাইন প্রতারকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজার ও জনবহুল এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নতুন পুলিশ ক্যাম্প স্থাপন এবং সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। এছাড়া মোহাম্মদপুর এলাকায় রায়েরবাজার থানা গঠনের একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
রাজধানীতে দুই দিনের অভিযানে ৯৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে ডিএমপি। অপরাধীদের পক্ষে তদবির করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার। জননিরাপত্তায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0 Comments