ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নতুন মাত্রা পেয়েছে। কয়েক সপ্তাহ ধরে আলোচনায় থাকার পর শনিবার ভারতের সংসদ ভবনের নিকটবর্তী নির্ধারিত এলাকায় দলটির শত শত সমর্থক এক সমাবেশে মিলিত হন। নয়াদিল্লির এই সমাবেশে অংশগ্রহণকারীদের অনেককে তেলাপোকার মুখোশ পরে প্রতিবাদ জানাতে দেখা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের অনুকরণে তৈরি এই প্ল্যাটফর্মটি অল্প সময়েই ভারতের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অনুসারীর সংখ্যা কয়েক কোটি ছাড়িয়েছে। গত মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত সরকারবিরোধী সমালোচনাকারী তরুণদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করলে এই আন্দোলনের সূত্রপাত হয়। যদিও পরবর্তীতে তিনি দাবি করেন যে তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, তবে রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ এবং বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিত দিপকে এই মন্তব্যকে কেন্দ্র করেই ব্যঙ্গাত্মক রাজনৈতিক উদ্যোগটি শুরু করেন। বর্তমানে দলটির ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ২ কোটি ২২ লাখের বেশি।
শনিবারের সমাবেশে সিজেপির আয়োজকেরা ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। মে মাসে অনুষ্ঠিত পরীক্ষায় অনিয়মের ঘটনাকে কেন্দ্র করে ভারতের শিক্ষা ব্যবস্থা ও সীমিত কর্মসংস্থানের সুযোগ নিয়ে তরুণদের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এই বিক্ষোভের মাধ্যমে প্রকাশ পায়। সমাবেশে বিক্ষোভকারীরা ‘তেলাপোকা আসছে, ধর্মেন্দ্র প্রধান যাচ্ছে!’ স্লোগান দেন। আয়োজকদের পক্ষ থেকে সমর্থকদের জাতীয় পতাকা ও বই সঙ্গে আনার আহ্বান জানানো হয়, যা শিক্ষা লাভের অধিকার ও সমান সুযোগের প্রতীক হিসেবে বিবেচিত।
বিক্ষোভকে কেন্দ্র করে নয়াদিল্লির বিমানবন্দর ও যন্তর মন্তরসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিভিন্ন স্থানে ইস্পাতের ব্যারিকেড বসানো হয়েছে। বিশ্লেষকদের মতে, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জন্ম নেওয়া তরুণদের আন্দোলনের যে ধারা দেখা গেছে, সিজেপির উত্থান তারই একটি অংশ। তবে বিজেপির সমর্থকেরা এই আন্দোলনকে নিছক সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর প্রচারণা হিসেবে দেখছেন এবং এর স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
ভারতে ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির সমাবেশে উত্তাল নয়াদিল্লি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও কর্মসংস্থানের দাবিতে শত শত তরুণ তেলাপোকার মুখোশ পরে বিক্ষোভে অংশ নিয়েছেন।

0 Comments