মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। তবে এই সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে ইরানে তীব্র জনরোষ দেখা দিয়েছে। শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা ফার্সের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কালো চাদর পরিহিত একদল নারী লাল ও কালো পতাকা হাতে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রস্তাবিত এই শান্তি চুক্তিটি ইরানের কট্টরপন্থি নেতাদের পক্ষ থেকেও প্রবল বাধার মুখে পড়েছে। বিক্ষোভকারীদের দাবি, এই চুক্তি ইরানের জাতীয় স্বার্থের পরিপন্থী এবং এর ফলে হরমুজ প্রণালিতে তেহরানের প্রভাব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এছাড়া ইরানি আলোচকরা চুক্তির স্বার্থে অতিরিক্ত ছাড় দিয়েছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অন্যান্য ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের পদত্যাগ দাবি করছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তির বিরোধিতায় ইরানে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান আলোচকের পদত্যাগ দাবি করেছেন।

0 Comments