রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে নয়া উদারবাদী অর্থনৈতিক কাঠামো এবং তথাকথিত ‘রঙিন বিপ্লবে’র নেপথ্য বাস্তবতা নিয়ে প্রকাশিত দুটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ‘বহ্নিপাঠ’-এর উদ্যোগে ‘নয়া উদারবাদ’ ও ‘রঙিন বিপ্লবের অন্ধকার রহস্য’ শীর্ষক বই দুটির এই আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, লেখক ও গবেষক আজিজুর রহমান আসাদ এবং সমকাল-এর উপসম্পাদক সাহিত্যিক মাহবুব আজীজ। বহ্নিপাঠের সদস্য রাশেদুল হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেরদৌস আহমেদ উজ্জ্বল।
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তার বক্তব্যে বলেন, বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক সমাবেশ গড়ে তোলা অপরিহার্য। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বিভিন্ন আন্দোলনে দক্ষিণপন্থীরা প্রভাব বিস্তার করতে পারলেও বামপন্থীরা নিজেদের রাজনৈতিক শক্তি সেভাবে সুসংগঠিত করতে পারেনি। তিনি নতুন প্রজন্ম ও নারীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বাড়িয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান।
কবি সোহরাব হাসান তরুণদের মধ্যে প্রশ্ন করার মানসিকতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণ সমাজ রাজনীতি বিমুখ নয়, তবে কেন বামপন্থীরা সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারছে না, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন। গবেষক আজিজুর রহমান আসাদ ব্যবস্থা বদলের সংগ্রামের সঙ্গে মার্কসবাদী বিশ্লেষণের সংযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বই দুটির লেখক মোশাররাফ হোসেন ও আহমেদ তালাত তাহজীব জানান, সমকালীন বিশ্বরাজনীতি ও নয়া উদারবাদের আড়ালের সত্যকে জনসমক্ষে আনার তাড়না থেকেই তারা এই গবেষণামূলক কাজ করেছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সদস্য ডা. সাজেদুল হক রুবেল, মানবেন্দ্র দেব, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুসহ অন্যান্যরা। সমাপনী বক্তব্যে সভাপতি রাশেদুল হাসান রিপন বিকল্প পাঠচর্চা ও সমালোচনামূলক রাজনৈতিক বোধ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
নয়া উদারবাদ ও রঙিন বিপ্লবের নেপথ্য বাস্তবতা নিয়ে ঢাকায় দুই বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা সমকালীন রাজনীতি, সাম্রাজ্যবাদের প্রভাব ও ব্যবস্থা পরিবর্তনের আবশ্যকতা নিয়ে আলোচনা করেন।

0 Comments