জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর নামের বানান ভুল এবং নামকরণ নিয়ে বিতর্কের জেরে কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মো. আতিকুর রহমানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সমমান) পদে বদলি করা হয়েছে। একই সাথে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (সমমান) ডা. মো. হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্টের নামে একটি মহিষের নাম সরকারি প্রতিষ্ঠানে বহাল রাখা এবং পরবর্তীতে সেই নামের বানান ভুলভাবে উপস্থাপন করাকে প্রশাসনিকভাবে অত্যন্ত বিব্রতকর ঘটনা হিসেবে দেখা হয়েছে। বিষয়টি সরকারের উচ্চপর্যায় পর্যন্ত পৌঁছালে কিউরেটরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি-সাদা রঙের এই মহিষটি কোরবানির পশুর হাটে ব্যাপক সাড়া ফেলেছিল। শারীরিক বৈশিষ্ট্যের কারণে খামারিরা এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সরকার মহিষটিকে কিনে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের ব্যবস্থা করে। তবে চিড়িয়াখানায় প্রদর্শনের সময় নাম ফলকে ‘ট্রাম্প’-এর পরিবর্তে ‘ট্টাম্প’ লেখা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ নাম ফলক পরিবর্তন করে মহিষটির নতুন নাম দেয় ‘সাদা মহিষ’।
জাতীয় চিড়িয়াখানার আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল ও নামকরণ বিতর্কের জেরে কিউরেটরকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিকভাবে বিব্রতকর এই ঘটনার পর নতুন কিউরেটর নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়।

0 Comments