জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (২৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট ও বিবিএ ভবনের দেয়ালে এসব পোস্টার দেখা যায়। পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবির পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি ব্যবহার করা হয়েছে।
পোস্টারগুলোতে “শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে”, “বাংলাদেশ ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে” এবং “রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে” শীর্ষক বিভিন্ন স্লোগান লেখা ছিল। জানা গেছে, এই পোস্টারিং কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এতে সার্বিক সহযোগিতা করেন শাখা ছাত্রলীগ নেতা সাজবুল ইসলাম।
এ বিষয়ে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, রাজনীতি করার কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষার অধিকার ক্ষুণ্ন হওয়া উচিত নয়। ক্যাম্পাসে সহাবস্থান ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীদের বঞ্চিত করা ভবিষ্যতের জন্য অশনিসংকেত। শিক্ষা প্রতিষ্ঠানে ভয় নয় বরং জ্ঞান ও যুক্তির চর্চা হওয়া উচিত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বিষয়টি তিনি জানার চেষ্টা করছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কারা ক্যাম্পাসে এসে এই কার্যক্রম চালিয়েছে তা শনাক্ত করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার সাঁটানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার কথা জানিয়েছেন প্রক্টর। শিক্ষার অধিকার ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয় এসব পোস্টারে।

0 Comments