কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ শনিবার বেলা ১১টায় পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শপথ নেবেন নতুন রাজ্য সরকারের মন্ত্রীরা। পশ্চিমবঙ্গে এই প্রথম সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘদিনের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হচ্ছেন তাঁরই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল মঞ্চ ও দর্শকদের জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় সভাপতিসহ ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী মোদি বিশেষ বিমানে কলকাতা পৌঁছে সরাসরি অনুষ্ঠানস্থলে যাবেন বলে জানা গেছে।
এবারের শপথ অনুষ্ঠানে বিশেষত্ব হিসেবে থাকছে বাঙালিয়ানা। নবনির্বাচিত বিধায়করা ঐতিহ্যবাহী ধুতি-পাঞ্জাবি পরে অনুষ্ঠানে অংশ নেবেন। খাবারের মেনুতেও থাকছে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পদসহ ঝালমুড়ি। অনুষ্ঠান ঘিরে ৪ হাজার পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শপথ গ্রহণ শেষে নতুন মুখ্যমন্ত্রী কলকাতার ঐতিহাসিক রাইটার্স ভবনে তাঁর দপ্তরে যাবেন। বিজেপি নেতৃত্ব আগেই জানিয়েছে যে, রাজ্য সচিবালয় নবান্ন থেকে সরিয়ে পুনরায় রাইটার্স ভবনে ফিরিয়ে আনা হবে। এর আগে শুক্রবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারী ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের আবেদন জানান। এর আগে এক পরিষদীয় বৈঠকে অমিত শাহ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।
আজ কলকাতার ব্রিগেডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর উপস্থিতিতে এই রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

0 Comments