দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন তিন দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আজ ৯ মে থেকে আগামী ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ে উভয় দেশ সব ধরনের হামলা-পাল্টা হামলা বন্ধ রাখার পাশাপাশি মোট ২ হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন। তিনি জানান, তার অনুরোধে সাড়া দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই সমঝোতার আওতায় দুই দেশ প্রত্যেকে ১ হাজার করে যুদ্ধবন্দি বিনিময় করবে।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদযাপন উপলক্ষে এই যুদ্ধবিরতি পালন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই পদক্ষেপটি দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার একটি সূচনা হতে পারে। ট্রাম্প আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সবচেয়ে বড় যুদ্ধ এবং এই সংঘাত নিরসনে আলোচনা অব্যাহত রয়েছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বার্তায় জানিয়েছেন, যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় ইস্যুতে রাশিয়ার সম্মতিপত্র কিয়েভ গ্রহণ করেছে। উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গত চার বছরেরও বেশি সময় ধরে এই সংঘাত চলমান রয়েছে।
ট্রাম্পের মধ্যস্থতায় তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। ৯ থেকে ১১ মে পর্যন্ত সব হামলা বন্ধ থাকবে এবং ২ হাজার বন্দি বিনিময় হবে। এটি দীর্ঘ যুদ্ধের অবসানের সূচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

0 Comments