মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম):
বিশুদ্ধ ও নিরাপদ পানির নিশ্চয়তা দেওয়ার কথা থাকলেও বাস্তবে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্রক্রিয়াজাত করে বাজারজাত করার অভিযোগ উঠেছে একটি পানির কারখানার বিরুদ্ধে। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ ভোক্তারা এবং স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন এলাকাবাসী
চট্টগ্রামের লোহাগাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে পানি বিশুদ্ধকরণ ও বাজারজাতকরণের দায়ে লোহাগাড়া ড্রিংকিং ওয়াটার প্লান্ট নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের পূর্ব সওদাগর পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি “বিশুদ্ধ পানি” নামে জার ও বোতলজাত পানি বাজারে সরবরাহ করে আসছে। তবে সম্প্রতি কারখানার ভেতরের কিছু চিত্র ও তথ্য সামনে আসলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, যেখানে পানি পরিশোধন ও সংরক্ষণ করা হচ্ছে সেখানে নেই প্রয়োজনীয় পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি কিংবা মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা।
স্থানীয়দের দাবি, কারখানার আশপাশে দুর্গন্ধযুক্ত ও নোংরা পরিবেশ বিরাজ করছে। অপরিষ্কার ফিল্টার, ময়লা পানির ট্যাংক ও অপরিচ্ছন্ন ড্রামের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। অনেকেই অভিযোগ করেন, “বিশুদ্ধ পানির” নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, লোহাগাড়া ড্রিংকিং ওয়াটার প্লান্ট নামে ওই প্রতিষ্ঠানটি অনিবন্ধিত অবস্থায় অপরিচ্ছন্ন পরিবেশে পানির বিশুদ্ধ করে সেগুলো বাজারজাত করছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে।
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্রক্রিয়াজাত ও বাজারজাতের অভিযোগে একটি ড্রিংকিং ওয়াটার প্লান্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

0 Comments