দেশের পূর্ব সীমান্ত অঞ্চলে মাদকের ভয়াবহতা, চোরাচালান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা গণমাধ্যমে তুলে ধরার লক্ষ্যে যাত্রা শুরু করেছে “পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্ক”। সংগঠনটি মূলত বান্দরবান ও কক্সবাজার সীমান্ত অঞ্চলের বিভিন্ন অসংগতি নিয়ে কাজ করবে।
শুক্রবার (২৯ মে) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে জ্যেষ্ঠ সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ এমএড-কে সভাপতি এবং সাংবাদিক এসএম হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল আনোয়ার, অর্থ সম্পাদক সাংবাদিক সাঈদুজ্জামান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সংবাদকর্মী নুরুল হাকিম। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন গণমাধ্যমকর্মী জহির উদ্দিন ও দেলোয়ার হোসেন।
সভায় বক্তারা সীমান্ত অঞ্চলের নানা সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সীমান্ত অঞ্চলের মাদক ও চোরাচালান রোধে এবং জনস্বার্থ রক্ষায় আত্মপ্রকাশ করেছে পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্ক। সাংবাদিক মাঈনুদ্দিন খালেদকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

0 Comments