ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তবে তার পরিণতি অত্যন্ত বিপজ্জনক, সুদূরপ্রসারী ও বেদনাদায়ক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ‘মারকা-ই-হক’ ও অপারেশন ‘বুনইয়ান-উম-মারসুস’-এর এক বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ অন্যতম। অনুষ্ঠানের শুরুতে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং নিহত সেনাসদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
পাক সেনাপ্রধান আসিম মুনির বলেন, ‘মারকা-ই-হক’ কেবল সাধারণ কোনো সামরিক সংঘর্ষ ছিল না, বরং এটি ছিল দুটি ভিন্ন মতাদর্শের মধ্যে একটি চূড়ান্ত লড়াই। তিনি দাবি করেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জনগণ অতীতে কোনো হুমকিতে ভয় পায়নি এবং ভবিষ্যতেও পাবে না। ভারতকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার যে লক্ষ্য নেওয়া হয়েছে, তা কখনোই সফল হবে না। ২০২৫ সালের মে মাসের ঘটনাপ্রবাহকে ভারতের দীর্ঘদিনের বৈরিতার অংশ হিসেবে উল্লেখ করে তিনি যেকোনো ভুল পদক্ষেপের কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ভারতের যেকোনো সামরিক দুঃসাহসিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তিনি বলেন, এর পরিণতি হবে অত্যন্ত বিপজ্জনক ও বেদনাদায়ক। পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত।

0 Comments