দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) সভাপতি চন্দ্রশেখর জোসেফ বিজয় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি জনকল্যাণমূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, মাদক নির্মূলে বিশেষ টাস্কফোর্স গঠন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালুর উদ্যোগ।
রোববার (১০ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। শপথ গ্রহণ শেষে দেওয়া ভাষণে বিজয় তার ভক্ত ও জনগণের উদ্দেশে আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে হিসেবে তিনি দারিদ্র্য ও অনেক চড়াই-উতরাই পার করে আজ এই অবস্থানে এসেছেন। তিনি নিজেকে জনগণের ভাই ও সন্তান হিসেবে অভিহিত করে বলেন, কোনো রাজপরিবার থেকে না এলেও জনগণ তাকে হৃদয়ে জায়গা দিয়েছেন।
রাজ্যের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজয় জানান, পূর্ববর্তী সরকারের কারণে রাজ্য এখন প্রায় ১০ লাখ কোটি রুপি ঋণের বোঝা বইছে। তিনি জনগণের অর্থের সুরক্ষা নিশ্চিত করার এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের মতো মৌলিক সেবাগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। নতুন এই যাত্রায় তিনি রাহুল গান্ধীসহ অন্যান্য রাজনৈতিক মিত্রদের ধন্যবাদ জানিয়ে ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার করেন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জনপ্রিয় অভিনেতা বিজয়। প্রথম দিনেই ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকবিরোধী টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।

0 Comments