দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ রবিবার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিটে মৃত প্রত্যেক শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। শিশুদের সুরক্ষায় সরকারের ব্যর্থতা এবং মৃত্যুর ভয়াবহতা বিবেচনায় এই ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে বলে রিটে উল্লেখ করা হয়। বিভিন্ন জাতীয় দৈনিক ও স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ৫৫ দিনে হাম ও এর উপসর্গ নিয়ে ৩৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব মতে, প্রতিদিন গড়ে অন্তত ৬ জন শিশু মারা যাচ্ছে। তবে গত এক সপ্তাহে পরিস্থিতি আরও অবনতি হয়েছে এবং দৈনিক মৃত্যুর গড় ১০ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হামের প্রকোপে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ এবং সবচেয়ে কম ঝুঁকিতে রয়েছে রংপুর বিভাগ। হামে মৃত্যু কমার সরকারি আশ্বাসের মধ্যেই গত এক সপ্তাহে মৃত্যুর হার প্রায় দেড় গুণ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গত শনিবারও ৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে।
দেশে হামে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিট হয়েছে। মৃত প্রত্যেক শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। গত এক সপ্তাহে মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে।

0 Comments