পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুছা ফারজী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের তাদের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনরতদের ওপর বহিরাগতদের একটি অংশ হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা আহত হন এবং ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুবদল কেন্দ্র। জেলা যুবদলের পক্ষ থেকেও এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনও এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় কমিটি।

0 Comments