Recents in Beach

ব্রেকিং নিউজ

বিদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

সিবি ডেক্স: বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ নির্দেশ কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানানো হয় এবং পরে তাদের মাধ্যমে অন্য মিশনগুলোতে খবর পৌঁছে দিতে বলা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে ঝোলানো রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনার বাস্তবায়ন তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন রাষ্ট্রদূতকে দায়িত্বও দেওয়া হয়েছে।

ইতোমধ্যে দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে, তারা সরকারের কাছ থেকে সরাসরি বার্তা পেয়েছেন। তবে অনেক মিশন এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি।

একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানান, “ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে অন্য মিশনগুলোতেও জানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে।”

আরেকজন কূটনীতিক বলেন, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত এ বার্তা দিয়েছেন এবং কাছাকাছি একটি মিশনের মাধ্যমেও একই নির্দেশনা পৌঁছানো হয়েছে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার এক কূটনীতিক জানিয়েছেন, তিনি এখনো এমন কোনো নির্দেশনা পাননি, যদিও তার হাইকমিশনার বার্তা পেয়েছেন কি না তা নিশ্চিত নন।

এই পদক্ষেপে বিদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি টানানো থাকবে না।

Post a Comment

0 Comments