Recents in Beach

ব্রেকিং নিউজ

বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ সহজলভ্য করার ঘোষণা জ্বালানিমন্ত্রীর

বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ সহজলভ্য করার ঘোষণা জ্বালানিমন্ত্রীর

বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে সৌরবিদ্যুৎকে আরও সহজলভ্য করা হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান সৌর ও বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমাতে সক্ষম হলেও বাংলাদেশ দীর্ঘ সময় এ খাত থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর ও বায়ুবিদ্যুৎকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

এদিকে, জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। বিদ্যুৎ বিভাগ এই প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়ার পর পাইকারি পর্যায়ে ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এই প্রস্তাব পর্যালোচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) একটি কারিগরি কমিটি গঠন করেছে। কমিটি পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম সর্বোচ্চ ১ দশমিক ৫০ টাকা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। বর্তমানে প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের গড় দাম ৮ টাকা ৯৫ পয়সা এবং পাইকারি পর্যায়ে ৭ টাকা ৪ পয়সা।

সংক্ষেপে:
বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ সহজলভ্য করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার।

Post a Comment

0 Comments