জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়ক বা সেনাপ্রধান ছিলেন না, তিনি ছিলেন একজন জন্মগত নেতা। সততা, দেশপ্রেম ও সাহসিকতার মাধ্যমে তিনি আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। শনিবার দুপুরে দুর্গাপুরে উপজেলা বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, চরম সিদ্ধান্তহীনতার সময়ে মৃত্যুভয় উপেক্ষা করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। বর্তমানের গার্মেন্টস শিল্প ও কৃষি বিপ্লব তার দূরদর্শী চিন্তারই ফসল। রাষ্ট্রক্ষমতায় থেকেও জিয়ার সাদামাটা জীবনযাপন ও সততাকে নেতাকর্মীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শুধু আবেগে বা হুজুগে রাজনীতি না করে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে জনকল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদ জিয়ার আদর্শ ও সততা বুকে ধারণ করে জনকল্যাণে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে জিয়ার অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেন তিনি।

0 Comments