কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং কেন্দ্রীয় সংসদকে ধন্যবাদ জানিয়ে জেলা শহরে এক বিশাল ও বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদের নেতৃত্বে শহরের ঐতিহাসিক রথখলা মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার বিভিন্ন ইউনিট—উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নবগঠিত কমিটির প্রথম এই বড় কর্মসূচিতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সংগঠনের নেতারা জানান, কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলাকে একটি শক্তিশালী ও গতিশীল কমিটি উপহার দিয়েছে, যার মাধ্যমে জেলায় ছাত্রদল আরও সুসংগঠিত হবে।
সমাবেশে সভাপতি শরিফুল ইসলাম নিশাদ বলেন, অর্পিত দায়িত্বের কোনো অপব্যবহার করা হবে না। তিনি প্রতিশ্রুতি দেন যে, আগামী দিনে তারাই নেতৃত্বে আসবেন যারা বিগত দিনে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমকে নিয়ে কটূক্তিকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শরিফুল আলম কিশোরগঞ্জ বিএনপির আস্থার জায়গা। তাকে নিয়ে কোনো ধরনের কটূক্তি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
জেলা ছাত্রদলের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, নবগঠিত কমিটির প্রথম রাজপথের কর্মসূচিতে নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি জেলার সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে এবং আগামী দিনের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে সাধারণ কর্মীরা মনে করছেন।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শহরে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজপথের সক্রিয় কর্মীদের মূল্যায়নের ঘোষণা দিয়েছেন নতুন সভাপতি শরিফুল ইসলাম নিশাদ।

0 Comments