হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দ্বিতীয় বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে নিজ এলাকায় এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। ৬২ বছর বয়সী এই আলেম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল এবং জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নববধূর নাম আমাতুর রহমান। তিনি ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের বড় মেয়ে। কয়েক মাস আগে আমাতুর রহমানের প্রথম স্বামী মারা যান। সেই সংসারে তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে, আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় তিনি এই বিয়ে করলেন। সাজিদুর রহমানের প্রথম সংসারে চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।
বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজন ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকজন বিশিষ্ট আলেম উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তানভিরুল হক সিরাজী, বিজেশ্বর মাদ্রাসার মুহাদ্দিস খুরশীদুল ইসলাম এবং কাউতলী ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হাসান। সম্প্রতি ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ের আলোচনার মধ্যেই হেফাজত মহাসচিবের এই বিয়ের খবর সামনে এলো।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান দ্বিতীয় বিয়ে করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামে বৃহস্পতিবার রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়।

0 Comments