ইরানে বিমান হামলা পরিচালনার সুবিধার্থে ইরাকের মরুভূমিতে গোপনে একটি অস্থায়ী সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। যুদ্ধের শুরুর দিকে ইরাকি সেনারা এই ঘাঁটির কাছাকাছি চলে এলে ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জ্ঞাতসারেই এই ঘাঁটিটি গড়ে তোলা হয়েছিল। এটি মূলত ইসরায়েলি বিমানবাহিনীর লজিস্টিক কেন্দ্র এবং জরুরি উদ্ধার অভিযানের জন্য ব্যবহৃত হতো। বিশেষ করে ইরানে হামলা চালাতে গিয়ে কোনো পাইলট নিখোঁজ হলে তাদের উদ্ধারে সেখানে বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন ছিল। তবে অভিযানে কোনো পাইলটকে উদ্ধার করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
গত মার্চ মাসে স্থানীয় এক রাখাল ওই এলাকায় হেলিকপ্টারসহ অস্বাভাবিক সামরিক তৎপরতা দেখে ইরাকি বাহিনীকে খবর দেন। এরপর ইরাকি সেনারা সেখানে অনুসন্ধানে গেলে ইসরায়েলি বিমান হামলার মুখে পড়ে। এই ঘটনায় ইরাকের একজন সেনা নিহত এবং দুইজন আহত হন। ইরাক সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে।
ইরাকের আনবার প্রদেশের আল-নুখাইব এলাকায় অবস্থিত এই স্থাপনাটি মূলত ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য অস্থায়ী রিফুয়েলিং পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি বিমানবাহিনী প্রধান তোমের বারও সম্প্রতি এক চিঠিতে বিমানবাহিনীর বিশেষ ইউনিটের এমন কিছু গোপন মিশনের ইঙ্গিত দিয়েছেন যা সাধারণ কল্পনার বাইরে।
ইরানে বিমান হামলার সুবিধার্থে ইরাকের মরুভূমিতে গোপন ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। ইরাকি সেনারা এর সন্ধান পেলে ইসরায়েলি বিমান হামলায় এক সেনা নিহত হন। বিষয়টি নিয়ে জাতিসংঘে অভিযোগ করেছে ইরাক।

0 Comments