২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার পুনরাবৃত্তি যেন বাংলাদেশের মানুষ আর কখনো না দেখে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম। বুধবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে আয়োজিত ‘শাপলা শহীদচিত্র’ প্রদর্শনীর সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত ‘শাপলা শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শীর্ষক দুই দিনব্যাপী এই চিত্রপ্রদর্শনী পরিদর্শন শেষে মাহবুবা হাকিম বলেন, শহীদদের চেতনা ও প্রেরণাকে জিইয়ে রাখার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন। তিনি এই প্রদর্শনীকে শাপলা চত্বরের স্মৃতি রক্ষার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেন।
এর আগে গত মঙ্গলবার বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে লেখক, গবেষক এবং শাপলা চত্বরের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীটি পরিদর্শন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যার পুনরাবৃত্তি রোধে এবং শহীদদের চেতনাকে জিইয়ে রাখতে চিত্রপ্রদর্শনীর গুরুত্ব তুলে ধরলেন সংসদ সদস্য মাহবুবা হাকিম। শাহবাগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 Comments