গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হওয়ার পর হলিউড অভিনেত্রী মেলিসা বারেরার ক্যারিয়ারে আকস্মিক স্থবিরতা নেমে আসে। সম্প্রতি মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সেই কঠিন সময়, হলিউডে ‘ব্ল্যাকলিস্ট’ হওয়ার অভিজ্ঞতা এবং পুনরায় ফিরে আসার লড়াই নিয়ে বিস্তারিত কথা বলেছেন।
মেলিসা জানান, গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর প্রতিবাদে ইনস্টাগ্রামে পোস্ট করা এবং যুদ্ধবিরতির আহ্বান জানানোর পর প্রযোজনা সংস্থা স্পাইগ্লাস মিডিয়া গ্রুপ তাঁকে ‘স্ক্রিম ৭’ সিনেমা থেকে বাদ দেয়। একই সঙ্গে ট্যালেন্ট এজেন্সি ডব্লিউএমই তাঁর সাথে চুক্তি বাতিল করে। কাজ হারানোর পর প্রায় এক বছর তাঁর কাছে কোনো নতুন প্রস্তাব আসেনি। প্রযোজনা সংস্থাটি তাঁর বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ তুললেও মেলিসা তা প্রত্যাখ্যান করে বলেন, তিনি কেবল শান্তি ও মানবাধিকারের পক্ষে কথা বলেছেন।
সাক্ষাৎকারে মেলিসা দাবি করেন, লাতিন আমেরিকান বংশোদ্ভূত নারী হিসেবে তিনি সহজ লক্ষ্যবস্তু ছিলেন। তবে নির্মাতা বুটস রাইলি তাঁকে নতুন কাজের সুযোগ দিয়ে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। বর্তমানে তিনি ব্রডওয়ের মিউজিক্যাল ‘টাইটানিক’-এ অভিনয় করছেন। ভবিষ্যতে ফিলিস্তিনের পক্ষে সরব হওয়া শিল্পীদের সঙ্গে কাজ করার পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা গড়ার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে হলিউডে কাজ হারিয়েছিলেন অভিনেত্রী মেলিসা বারেরা। দীর্ঘ এক বছরের লড়াই আর ব্ল্যাকলিস্টেড হওয়ার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন এই তারকা। বর্তমানে ব্রডওয়ে দিয়ে ফিরছেন তিনি।

0 Comments